লিটল এলমে প্রচণ্ড গরমের মধ্যে ডাক বিতরণের সময় কর্মীর মৃত্যু

নর্থ টেক্সাসের লিটল এলমে প্রচণ্ড গরমের মধ্যে ডাক বিতরণের সময় যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজের ডাকবাহী গাড়ির ভেতর অসুস্থ অবস্থায় পাওয়া যায় ৫৮ বছর বয়সী উমেশকুমার ঠাক্কারকে।

Jul 22, 2026 - 21:54
লিটল এলমে প্রচণ্ড গরমের মধ্যে ডাক বিতরণের সময় কর্মীর মৃত্যু
উইকিমিডিয়া কমন্স

নর্থ টেক্সাসের লিটল এলমে প্রচণ্ড গরমের মধ্যে ডাক বিতরণের সময় যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজের ডাকবাহী গাড়ির ভেতর অসুস্থ অবস্থায় পাওয়া যায় ৫৮ বছর বয়সী উমেশকুমার ঠাক্কারকে।

লিটল এলম ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ২০ জুলাই দুপুর ২টার দিকে থর্নহিল লেনের ১৬০০ ব্লকে একটি ডাকবাহী গাড়িকে কেন্দ্র করে জরুরি ফোন পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ঠাক্কারকে বাঁচানোর চেষ্টা করেন। তাঁকে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

ঘটনার সময় নর্থ টেক্সাসের বড় অংশে চরম তাপপ্রবাহের সতর্কতা কার্যকর ছিল। বিভিন্ন এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় এবং অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। তবে ঠাক্কারের মৃত্যুর সঙ্গে গরমের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেননি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ জানিয়েছে, ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। লিটল এলমের প্রধান ডাকঘরের কর্মীদের জন্য শোক ও মানসিক চাপ মোকাবিলায় পরামর্শসেবার ব্যবস্থাও করা হয়েছে।

নর্থ টেক্সাসে প্রচণ্ড গরমের মধ্যে ডাক বিতরণ করতে গিয়ে কর্মীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। ২০২৩ সালে ডালাসে ডাক বিতরণের সময় ইউজিন গেটস জুনিয়র নামের এক কর্মীর মৃত্যু হয়। পরে তদন্তে তাঁর শরীরে তাপজনিত অসুস্থতা ও হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপের প্রমাণ পাওয়া যায়।