লুইসভিল লেকে ৫ থেকে ৬ মাসের মানব ভ্রূণ উদ্ধার, তদন্তে পুলিশ
টেক্সাসের লুইসভিল লেকের তীর থেকে ৫ থেকে ৬ মাসের একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে লুইসভিল পুলিশ বিভাগ। কর্মকর্তারা বলছেন, কীভাবে ভ্রূণটি সেখানে পৌঁছেছে এবং এর পেছনে কে জড়িত, তা এখনো জানা যায়নি।
টেক্সাসের লুইসভিল লেকের তীর থেকে ৫ থেকে ৬ মাসের একটি মানব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে লুইসভিল পুলিশ বিভাগ। কর্মকর্তারা বলছেন, কীভাবে ভ্রূণটি সেখানে পৌঁছেছে এবং এর পেছনে কে জড়িত, তা এখনো জানা যায়নি।
গত ১০ জুলাই শুক্রবার সকাল প্রায় ৮টার দিকে এক ব্যক্তি লেক পার্ক এলাকায় হাঁটার সময় তীরে ভ্রূণটি দেখতে পান। পরে তিনি ৯১১ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ শুরু করে। ভ্রূণটি পরে ট্যারান্ট কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ভ্রূণটির বয়স ছিল প্রায় ৫ থেকে ৬ মাস। তদন্তকারীরা আরও জানিয়েছেন, প্রাথমিক প্রমাণে এটি ইচ্ছাকৃতভাবে সেখানে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তবে এটি মৃত অবস্থায় জন্মেছিল নাকি জীবিত জন্মের পর মারা গেছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মেডিকেল এক্সামিনারের তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।
পুলিশ এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। ঘটনাটির সঙ্গে আগের দিন একই পার্ক এলাকায় পাওয়া একটি সন্দেহজনক বস্তু বা গত মে মাসে সেখানে উদ্ধার হওয়া পাইপ বোমার ঘটনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ এ ঘটনায় জনসাধারণের সহযোগিতা চেয়েছে। কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে লুইসভিল পুলিশ বা ডেন্টন কাউন্টি ক্রাইম স্টপার্সের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ডালাস এক্সপ্রেস, সিবিএস টেক্সাস