ডালাসের র‍্যাপার এমও থ্রির হত্যাকারী কেওন হোয়াইটের যাবজ্জীবন কারাদণ্ড

ডালাসের র‍্যাপার এমও থ্রি হত্যা মামলায় কেওন হোয়াইটকে ক্যাপিটাল মার্ডারে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। প্যারোলের কোনো সুযোগ নেই এই শাস্তিতে।

Sep 5, 2026 - 19:06
ডালাসের র‍্যাপার এমও থ্রির হত্যাকারী কেওন হোয়াইটের যাবজ্জীবন কারাদণ্ড
উইকিমিডিয়া কমন্স

ডালাসের র‍্যাপার এমও থ্রি হত্যা মামলায় কেওন হোয়াইটকে ক্যাপিটাল মার্ডারে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। প্যারোলের কোনো সুযোগ নেই এই শাস্তিতে।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ডালাস কাউন্টির ফ্র্যাংক ক্রাউলি কোর্টস বিল্ডিংয়ে জুরি রায় ঘোষণার পরপরই স্টেট ডিস্ট্রিক্ট জাজ চিকা আনিয়াম ২৭ বছর বয়সী কেওন হোয়াইটকে এই শাস্তি দেন। ডালাস কাউন্টির জেলা অ্যাটর্নির দফতর মৃত্যুদণ্ড না চাওয়ায় টেক্সাস আইন অনুযায়ী যাবজ্জীবনই ছিল একমাত্র বিকল্প।

২০২০ সালের ১১ নভেম্বর ডালাস চিড়িয়াখানার কাছে ইন্টারস্টেট ৩৫-এ দিনের বেলা অতর্কিতে গুলি করে ২৮ বছর বয়সী র‍্যাপার মেলভিন নোবল ওরফে এমও থ্রিকে হত্যা করা হয়। তার শরীরে ১৩টি গুলির আঘাত পাওয়া যায়। কাছের একটি ক্রোগার ডেলিভারি ট্রাকের ড্যাশক্যামে ধারণ করা ভিডিওতে দেখা যায়, স্কি মাস্ক পরা এক বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল হাতে নোবলকে চলন্ত গাড়ির দিকে ধাওয়া করছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টমি অ্যাডামস জানান, ডালাসের র‍্যাপার ইয়েলা বিজি ওরফে মার্কিস কনওয়ে অর্থের বিনিময়ে হোয়াইটকে দিয়ে এই হত্যা ঘটিয়েছেন বলে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। কনওয়েকে গত বছর ক্যাপিটাল মার্ডারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মামলায় আরও দুজন অভিযুক্ত রয়েছেন এবং তাদের বিচারের তারিখ এখনো নির্ধারণ হয়নি।

নোবল ও কনওয়ের মধ্যে বিরোধ শুরু হয়েছিল ২০১৭ সালে, সামাজিক মাধ্যমে তর্কের মাধ্যমে। পরে সেই বিরোধ সহিংস রূপ নেয়। কনওয়ে নিজেও একবার নর্থ টেক্সাসের একটি টোলরোডে ড্রাইভ-বাই গুলিতে মারাত্মকভাবে আহত হন। হত্যার দিন কনওয়ে লস অ্যাঞ্জেলেসে ছিলেন বলে জানা গেছে।

সূত্র: ডালাস মর্নিং নিউজ