এপিক গেমসের হাতছাড়া আর্টস্টেশন ও স্কেচফ্যাব, কিনে নিল কিটব্যাশ

ভিডিও গেম নির্মাতা এপিক গেমস তার মালিকানাধীন দুটি আর্ট প্ল্যাটফর্ম আর্টস্টেশন ও স্কেচফ্যাব থ্রিডি অ্যাসেট কোম্পানি কিটব্যাশ থ্রিডির কাছে হস্তান্তর করছে। এপিক গেমস ২০২১ সালে উভয় প্ল্যাটফর্ম অধিগ্রহণ করেছিল।

Aug 10, 2026 - 19:32
এপিক গেমসের হাতছাড়া আর্টস্টেশন ও স্কেচফ্যাব, কিনে নিল কিটব্যাশ
উইকিমিডিয়া কমন্স: Sergey Galyonkin

ভিডিও গেম নির্মাতা এপিক গেমস তার মালিকানাধীন দুটি আর্ট প্ল্যাটফর্ম আর্টস্টেশন ও স্কেচফ্যাব থ্রিডি অ্যাসেট কোম্পানি কিটব্যাশ থ্রিডির কাছে হস্তান্তর করছে। এপিক গেমস ২০২১ সালে উভয় প্ল্যাটফর্ম অধিগ্রহণ করেছিল।

দ্য ভার্জ সোমবার এই তথ্য প্রকাশ করে জানায়, এপিক গেমস তার মূল ব্যবসায়িক অগ্রাধিকার হিসেবে আনরিয়েল ইঞ্জিন ৬, ফোর্টনাইট এবং এপিক গেমস স্টোর নির্মাণে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

এপিক গেমসের আনরিয়েল ইকোসিস্টেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিল ক্লিফোর্ড বলেন, আর্টস্টেশন ও স্কেচফ্যাব শিল্পীদের কাজ শেয়ার ও পরিচালনার প্রধান প্ল্যাটফর্ম এবং কিটব্যাশ এই প্ল্যাটফর্মের শিল্পীদের সৃষ্টির প্রতিটি ধাপে আরও বেশি সুযোগ দেবে।

কিটব্যাশ থ্রিডির সহ-প্রধান নির্বাহী ব্যাংকস বুটে জানান, আর্টস্টেশন ও স্কেচফ্যাব দীর্ঘদিন ধরে শিল্পীরা তাদের কাজ শেয়ার করতে, অনুপ্রেরণা খুঁজতে এবং পরস্পরের সাথে সংযুক্ত হতে ব্যবহার করে আসছেন। বিদ্যমান ব্যবহারকারীদের পোর্টফোলিও, লাইব্রেরি ও কাজের ধারা আগের মতোই চলবে।

কিটব্যাশ থ্রিডি গেম, ভিজ্যুয়াল ইফেক্ট, চলচ্চিত্র এবং ভিজ্যুয়ালাইজেশনে ব্যবহৃত থ্রিডি অ্যাসেট বিক্রির জন্য পরিচিত এবং তার পোর্টফোলিওতে ইতোমধ্যে গ্রেস্কেলগরিলাও রয়েছে। নতুন মালিকানায় তিনটি প্ল্যাটফর্মই তাদের সেবা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

সূত্র: দ্য ভার্জ