ঢাকার বাজারে ডিম-মাছ-মাংসের দাম বাড়ল, গ্যাস-সংকটে কমছে সবজির বিক্রি
ঢাকার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও ফার্মগেটসহ রাজধানীর প্রধান কাঁচাবাজারগুলোতে ডিম, মাছ ও মাংসের দাম বেড়েছে। এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় উঠেছে।
ঢাকার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও ফার্মগেটসহ রাজধানীর প্রধান কাঁচাবাজারগুলোতে ডিম, মাছ ও মাংসের দাম বেড়েছে। এই সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৯০ থেকে ২০০ টাকায় উঠেছে।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, গরুর মাংস গত সপ্তাহের ৭৮০-৮০০ টাকা থেকে বেড়ে কেজিতে ৮০০-৮২০ টাকায় বিক্রি হচ্ছে। ডজন লাল ডিমের দাম ১০ টাকা বেড়ে ১৫০-১৬০ টাকা হয়েছে।
কারওয়ান বাজারের মাছ বিক্রেতা মোহাম্মদ সুমন জানান, ভরা মৌসুমেও ইলিশের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। অন্যান্য মাছের দামও কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। এদিকে পোলাও চালের দাম ঈদুল আজহার সময়ের ১৬০-১৭০ টাকা থেকে বেড়ে এখন ২২০-২৩০ টাকায় উঠেছে।
সবজির দাম অবশ্য মোটামুটি স্থিতিশীল রয়েছে। পেঁপে ২৫-৩০ টাকা, ঢেঁড়স ও মিষ্টিকুমড়া ৪০-৬০ টাকা এবং বেগুন ও করলা ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইব্রাহিমপুর বাজারের মুদি ব্যবসায়ী আবুল হাসেম জানান, গত এক মাসে চিনি, ময়দা, সাবান ও নারকেল তেলের দামও বেড়েছে।
পূর্ব শেওড়াপাড়ার বাসিন্দা লিটন মিয়া বলেন, গ্যাস-সংকটের কারণে বাড়িতে এখন তিনটির বদলে একটি সবজি রান্না হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক পরিবারে সবজির ব্যবহার কমে যাওয়ায় বাজারে সবজির চাহিদা ও বিক্রি কমে গেছে বলে সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন।
সূত্র: দ্য ডেইলি স্টার