ডেন্টন কাউন্টিতে মানবপাচারবিরোধী অভিযানে ১৮ ম্যাসাজ পার্লারে অভিযান
টেক্সাসের ডেন্টন কাউন্টিতে মানবপাচার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে চার দিনের বিশেষ অভিযান চালিয়েছে শেরিফের কার্যালয়। ২৩ থেকে ২৬ জুন পরিচালিত এ অভিযানে ১৮টি ম্যাসাজ পার্লারে লাইসেন্স ও আইন মানা হচ্ছে কি না, তা পরিদর্শন করা হয়।

অভিযানে টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনসহ কয়েকটি স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল সংস্থা অংশ নেয়। একই সময়ে চারটি ম্যাসাজ পার্লার বন্ধ করে দেওয়া হয়।
আরও ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর লাইসেন্স লঙ্ঘনের অভিযোগে প্রশাসনিকভাবে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত লাইসেন্সসংক্রান্ত লঙ্ঘনের নোটিশ দেওয়া হয়েছে।
তদন্তে পাঁচটি গুরুতর পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে মামলা শুরু হয়েছে। লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে আরও দুটি মামলাও করা হয়েছে।
অভিযানের সময় একজন সম্ভাব্য মানবপাচারের শিকার ব্যক্তি সাহায্যের জন্য অভিযোগ করেন। বিষয়টি এখন তদন্তাধীন। এ ছাড়া অভিযান থেকে ২ হাজার ১৩২ ডলার নগদ জব্দ করা হয়েছে।
সূত্র: ডেন্টন কাউন্টি শেরিফের কার্যালয়