ডালাস কাউন্টিতে ৫৭ হাজার বাড়ির মালিক প্রপার্টি ট্যাক্স ছাড় থেকে বঞ্চিত

ডালাস কাউন্টিতে আনুমানিক ৫৭ হাজার বাড়ির মালিক সম্পত্তিকর ছাড়ের যোগ্য হয়েও তা দাবি করছেন না বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। এই অদাবিকৃত ছাড়ের মোট পরিমাণ প্রায় ৩১ কোটি ডলার।

Sep 6, 2026 - 08:25
ডালাস কাউন্টিতে ৫৭ হাজার বাড়ির মালিক প্রপার্টি ট্যাক্স ছাড় থেকে বঞ্চিত
উইকিমিডিয়া কমন্স: Martin Alon

ডালাস কাউন্টিতে আনুমানিক ৫৭ হাজার বাড়ির মালিক সম্পত্তিকর ছাড়ের যোগ্য হয়েও তা দাবি করছেন না বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। এই অদাবিকৃত ছাড়ের মোট পরিমাণ প্রায় ৩১ কোটি ডলার।

গত বছরের মূল্যায়ন তথ্য বিশ্লেষণ করে চাইল্ড পভার্টি অ্যাকশন ল্যাব (সিপিএএল) এই গবেষণা প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, ডালাস সেন্ট্রাল অ্যাপ্রেইজাল ডিস্ট্রিক্টের তথ্য পর্যালোচনায় দেখা গেছে যোগ্য কিন্তু অদাবিকৃত সম্পদের ৪০ হাজারটি অর্থাৎ ৭১ শতাংশ নিম্নআয়ের এলাকায় অবস্থিত।

সিপিএএলের হিসাবে, নিম্নআয়ের এলাকায় গড়ে প্রতিটি বাড়ির মালিক প্রায় পাঁচ হাজার ডলার সাশ্রয় করতে পারতেন, যার মধ্যে আগের দুই বছরের সম্ভাব্য রিফান্ডও রয়েছে। প্লেজেন্ট গ্রোভে পরিচালিত একটি জরিপে দেখা যায়, যোগ্য বাড়ির মালিকদের মধ্যে ৭৩ শতাংশই এই সুবিধার বিষয়ে জানতেন না।

সিপিএএলের হাউজিং বিভাগের প্রধান অ্যাশলি ফ্লোরেস জানান, সাউথ ডালাস, ফেয়ার পার্ক এবং প্লেজেন্ট গ্রোভ এলাকায় সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। তিনি আরও জানান, এই ছাড়ের আবেদন করা সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো কোম্পানিকে অর্থ দিয়ে এই কাজ করানোর প্রয়োজন নেই।

টেক্সাস গত বছর বাড়ির মালিকদের জন্য বাধ্যতামূলক স্কুল ছাড়ের পরিমাণ এক লাখ ৪০ হাজার ডলারে উন্নীত করেছে। গবেষণায় দেখা গেছে, সর্বোচ্চ আয়ের এলাকায় ৯৫ শতাংশ যোগ্য মালিক এই ছাড় দাবি করলেও সবচেয়ে নিম্নআয়ের এলাকায় এই হার মাত্র ৮১ শতাংশ।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ