চীনের লাখো ফুটবল ভক্তের নতুন নায়ক হাল্যান্ড

২০২৬ বিশ্বকাপে চীনের কোনো দল না থাকলেও দেশটির লাখো ফুটবল সমর্থক এখন নরওয়ে ও তারকা স্ট্রাইকার এরলিং হাল্যান্ডকে সমর্থন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘হা বাও’ নামে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

Jul 9, 2026 - 17:24
চীনের লাখো ফুটবল ভক্তের নতুন নায়ক হাল্যান্ড
সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে চীনের কোনো দল খেলছে না। তবুও দেশটির লাখো ফুটবল ভক্তের নজর এখন নরওয়ের দিকে। এর প্রধান কারণ নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হাল্যান্ড। চীনে তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে অনেক ভক্ত তাকে আদর করে ‘হা বাও’, অর্থাৎ ‘বেবি হা’ নামে ডাকছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে হাল্যান্ডকে নিয়ে প্রতিদিন হাজার হাজার পোস্ট, ভিডিও ও মিম শেয়ার হচ্ছে। তার গোল উদযাপন, মুখের অভিব্যক্তি, লম্বা স্বর্ণালি চুল এবং মাঠের আগ্রাসী খেলার ধরন ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। অনেক তরুণ এখন নরওয়ের জার্সি কিনছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হাল্যান্ডের সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন।

বিশ্বকাপে নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্সও এই জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। শেষ ষোলোতে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হাল্যান্ড দুটি গোল করেন। পুরো টুর্নামেন্টজুড়েই তিনি ধারাবাহিকভাবে গোল করে নরওয়েকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছেন।

চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ডোইনে হাল্যান্ডের অনুসারীর সংখ্যা ইতোমধ্যেই প্রায় ৫৮ লাখে পৌঁছেছে। মজার বিষয় হলো, এই সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়েও বেশি। অনেক ভক্ত বলছেন, আগে তারা লিওনেল মেসি বা ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থক ছিলেন। এখন হাল্যান্ডের খেলা, ব্যক্তিত্ব এবং মাঠে লড়াই করার মানসিকতা তাদের নতুন করে মুগ্ধ করেছে।

হাল্যান্ডও চীনের ভক্তদের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তিনি বিশ্বকাপ চলাকালে ইংরেজির পাশাপাশি চীনা ভাষায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। এছাড়া নরওয়ের সামুদ্রিক খাদ্যের প্রচারণাতেও অংশ নিচ্ছেন, কারণ চীন দেশটির অন্যতম বড় রপ্তানি বাজার।

সূত্র: এনবিসি নিউজ | ৯ জুলাই, ২০২৬