যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জনগণকে এই ঐতিহাসিক মাইলফলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

গত ৪ জুলাই শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তবধর্মী নেতৃত্বে আগামী দিনে যুক্তরাষ্ট্র আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন ও "আমেরিকা ২৫০" উদ্যোগ বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি বলেন, আমেরিকান স্বপ্ন, আত্মত্যাগ, স্বাধীনতা ও মূল্যবোধ থেকে মানুষ অনুপ্রেরণা গ্রহণ করছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, তার সরকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করে যাবে। বার্তার শেষে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
সূত্র: আজকের পত্রিকা