ডালাসে বেড়েছে ভাঙচুরের ঘটনা, নিরাপত্তা জোরদারের দাবি বাসিন্দাদের

যুক্তরাষ্ট্রের ডালাস শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গাড়ি ভাঙচুর ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, এখন গাড়ির কাছে গেলেই ক্ষয়ক্ষতি বা চুরির ঘটনা দেখতে পাওয়া যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Apr 18, 2026 - 21:25
ডালাসে বেড়েছে ভাঙচুরের ঘটনা, নিরাপত্তা জোরদারের দাবি বাসিন্দাদের
গাড়ি ভাঙচুর ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন ডালাসের বাসিন্দারা। ছবি: ডালাস এক্সপ্রেস

যুক্তরাষ্ট্রের ডালাস শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গাড়ি ভাঙচুর চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের মতে, এখন গাড়ির কাছে গেলেই ক্ষয়ক্ষতি বা চুরির ঘটনা দেখতে পাওয়া যেন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

রোলিং মেডোজ অ্যাপার্টমেন্টসের বাসিন্দারা জানিয়েছেন, ধারাবাহিক এসব অপরাধ তাঁদের মধ্যে আতঙ্ক হতাশা তৈরি করেছে। একের পর এক ঘটনার কারণে আর্থিক ক্ষতিও বাড়ছে, তবে কার্যকর সমাধান এখনো চোখে পড়ছে না।

শহরের ক্রাইম ম্যাপ অনুযায়ী, ৭৫২১১ জিপ কোড এলাকায় গাড়ি চুরি গাড়ি থেকে চুরির ঘটনাই সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া অপরাধগুলোর মধ্যে রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৮০টি গাড়ি থেকে চুরি এবং প্রায় ১২০টি গাড়ি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গত বৃহস্পতিবার ভোররাতের এক ঘটনায় রাত ২টার দিকে একটি লাল গাড়ি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে ঢোকে। সেখান থেকে অন্তত চারজন নেমে দ্রুত গাড়ির জানালা ভাঙচুর শুরু করে। আর তাতে মাত্র চার মিনিটেই কয়েক হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়।

ডালাস পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বাসিন্দাদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং ডিসেম্বর থেকে একই ধরনের একাধিক ঘটনার ধারাবাহিকতা রয়েছে। অনেকেই আগের ঘটনার ছবিও শেয়ার করেছেন।

স্থানীয় বাসিন্দা জ্যাকি রবিনসন বলেন, “সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো, একসময় তারা আমার গাড়িতেও হামলা করবে। কিছুই করার নেইশুধু রিপোর্ট করতে পারব, কারণ তারা আবারও ফিরে আসবে।

বাসিন্দারা জানিয়েছেন, তারা অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন। এর মধ্যে কেউ কেউ নিজের উদ্যোগে স্টিয়ারিং হুইল লকসহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা ব্যবহার শুরু করেছেন।

তথ্যসূত্র: এনবিসি