ইরানের হামলায় মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালিতে টহলরত যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরান গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনার পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

Jun 9, 2026 - 20:14
ইরানের হামলায় মার্কিন হেলিকপ্টার ভূপাতিত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্সের সৌজন্যে

হরমুজ প্রণালিতে টহলরত যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরান গুলি করে ভূপাতিত করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনার পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত রাতে হরমুজ প্রণালির ওপর টহল দেওয়ার সময় ইরানিরা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
তবে তিনি জানান, হেলিকপ্টারটির দুই মার্কিন পাইলটই নিরাপদে আছেন এবং তারা কোনো ধরনের আঘাত পাননি।
ট্রাম্প লিখেছেন, “আমাদের বীর সেনারা আমাকে জানিয়েছে যে ইরান আমাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দিতেই হবে।”
তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কিছুটা কমার আশা দেখা দিলেও নতুন এই ঘটনার ফলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে সোমবার ইসরায়েল ও ইরান উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে তেহরান সতর্ক করে বলেছে, লেবাননে তাদের মিত্র হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নৌবাহিনীর একটি সারফেস ড্রোনের সহায়তায় অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, এ ধরনের উদ্ধার অভিযানে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর প্রায় ৩টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, উদ্ধারকৃত দুই সেনাকে প্রথমে সমুদ্রের ওপর নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হেলিকপ্টারে স্থানান্তর করা হয়।
অ্যাপাচি হেলিকপ্টারটি ওমান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় টহল দিচ্ছিল। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বর্তমানে আঞ্চলিক সংঘাতের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে।
এদিকে তেহরানে আগের দিন ইসরায়েলি হামলায় নিহত দুই ইরানি বিমান প্রতিরক্ষা কর্মকর্তার দাফনের প্রস্তুতি চলছিল। তবে ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্ক টাইমস প্রথম এ ঘটনার খবর প্রকাশ করে জানায়, অস্পষ্ট পরিস্থিতিতে একটি মার্কিন অ্যাপাচি গানশিপ বিধ্বস্ত হয়েছে এবং এর দুই ক্রুকে উদ্ধার করা হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স