৪৩ দিন পর যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থার অবসান
৪৩ দিন পর অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন, যা সরকারি কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে।
৪৩ দিন পর অবশেষে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৩ নভেম্বর) একটি বিলে স্বাক্ষর করেছেন, যা সরকারি কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে।
এর আগে প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস খাদ্য সহায়তা কর্মসূচি পুনরায় চালু, কয়েক লাখ ফেডারেল কর্মচারীর বেতন প্রদান এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা পুনরুদ্ধারে জরুরি ব্যয় নির্বাহে বিলটি পাস করে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হাউসে ২২২-২০৯ ভোটে বিলটি অনুমোদিত হয়।
ট্রাম্পের স্বাক্ষরের ফলে কর্মবিরতিতে থাকা সরকারি কর্মীরা বৃহস্পতিবার থেকেই কাজে ফিরতে পারবেন। তবে সব কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউসে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা আর কখনো এমন কিছু হতে দিতে পারি না। এটি দেশ চালানোর উপায় হতে পারে না।’ এ সময় তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, দীর্ঘ অচলাবস্থা কোনো সমাধান নয়।
বিলটি ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি অর্থায়ন বাড়াবে। এতে যুক্তরাষ্ট্রের ৩৮ ট্রিলিয়ন ডলারের ঋণে বছরে আরও প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
অচলাবস্থার অবসানে বিমান চলাচল ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবায় স্বস্তি ফিরেছে। থ্যাঙ্কসগিভিং ভ্রমণ মৌসুমের আগে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য সহায়তা পুনরায় চালু হওয়ায় নিম্নআয়ের পরিবারগুলোর ব্যয় করার সক্ষমতাও কিছুটা বাড়বে।
তথ্যসূত্র: বিবিসি