লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে হামলার ঘটনায় তাদের মৃত্যু হয়।

May 12, 2026 - 23:59
লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
দক্ষিণ লেবাননে সোমবার ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্সের সৌজন্যে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে হামলার ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে গত এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

ডালাস বার্তা ডেস্ক