ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত সাত সপ্তাহ ধরে চলা এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়ে ইরানের পক্ষ থেকে ঐক্যবদ্ধ প্রস্তাব না আসা পর্যন্ত সামরিক হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন তিনি।
তবে যুদ্ধবিরতি বাড়ানো হলেও ইরানের বন্দর ও উপকূলে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে। এই অবরোধকে শুরু থেকেই ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখে আসছে ইরান। ট্রাম্পের ঘোষণা একতরফা কি না বা এতে ইসরায়েল বা মিত্রদের সম্মতি আছে কি না, তা স্পষ্ট হয়নি।
ট্রাম্পের ঘোষণার পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান যুদ্ধবিরতি বাড়ানোর কোনো অনুরোধ করেনি এবং প্রয়োজনে মার্কিন অবরোধ ভেঙে ফেলার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী ট্রাম্পের এই পদক্ষেপকে ‘কৌশলগত চাল’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এটি আচমকা হামলার প্রস্তুতির সময় নিতেই করা হতে পারে।
এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে আগ্রহী নন এবং মার্কিন বাহিনী হামলার জন্য প্রস্তুত। তবে সর্বশেষ ঘোষণায় তিনি জানান, আলোচনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
এদিকে শাহবাজ শরিফ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুদ্ধবিরতি বাড়ানোর এই সিদ্ধান্ত কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নেবে। তিনি আশা প্রকাশ করেন, ইসলামাবাদে প্রস্তাবিত দ্বিতীয় দফার বৈঠকে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সম্ভব হবে। তবে পরবর্তী বৈঠকের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।
তথ্যসূত্র: রয়টার্স