দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন খুন

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যাকে ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Apr 28, 2026 - 14:29
দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন খুন
খন্দকার নাঈম আহমেদ টিটন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যাকেশীর্ষ সন্ত্রাসীহিসেবে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টিটনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি হাজারীবাগের জিগাতলা এলাকার বাসিন্দা ছিলেন।ধারণা করা হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডের প্রতিপক্ষের লোকজনই তাকে গুলি করে হত্যা করেছে,’ বলেন তিনি।

পুলিশ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি টিটনকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আরও গুলি ছোড়ে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম জানান, টিটন দীর্ঘদিন কারাগারে ছিলেন এবং ২০২৪ সালের আগস্টের পর জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের তদন্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, টিটনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। অতীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম ছিল এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

ডালাস বার্তা প্রতিবেদক