ডালাসে পৃথক তিন ঘটনায় তিনজনকে খুন

ডালাসে সোমবার (১০ নভেম্বর) আলাদা আলাদা তিন ঘটনায় তিনজন খুন হয়েছেন। তবে তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Nov 12, 2025 - 13:11
ডালাসে পৃথক তিন ঘটনায় তিনজনকে খুন
তিন খুনেরই তদন্ত শুরু করেছে ডালাস পুলিশ। ছবি: ফক্স ফোর

ডালাসে সোমবার (১০ নভেম্বর) আলাদা আলাদা তিন ঘটনায় তিনজন খুন হয়েছেন। তবে তিনটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ফার নর্থ ডালাসে নারীকে ছুরিকাঘাতে খুন

প্রথম ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ফার নর্থ ডালাসের প্রেস্টন রোডের ১৪৪০০ ব্লকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক নারীকে সেখানে ছুরিকাঘাত করা হয়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় নিশ্চিত করতে ডালাস কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় কাজ করছে। এখন পর্যন্ত সন্দেহভাজন কেউ শনাক্ত হয়নি।

সিডার ক্রেস্টে গুলিতে নিহত এক ব্যক্তি

দ্বিতীয় ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে সিডার ক্রেস্ট এলাকার সাউথ ফ্লেমিং অ্যাভিনিউর ৪০০ ব্লকে। পুলিশ জানিয়েছে, ৩৭ বছর বয়সী ডেভিড মিরেলেসকে সেখানে গুলি করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

সাউথ ডালাসে গুলিতে আরও একজন নিহত

তৃতীয় হত্যাকাণ্ডটি ঘটে রাত ১১টার কিছু আগে সাউথ ডালাসের বোথাম জিন বুলেভার্ডের ৫৫০০ ব্লকে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তির গুলিতে ৩৭ বছর বয়সী ক্রিস্টোফার কেলি খুন হন। ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনটি ঘটনারই তদন্ত শুরু করেছে ডালাস পুলিশ। চাওয়া হয়েছে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা।

তথ্যসূত্র: ফক্স ফোর