নেপালের হিমালয়ে তুষারধসে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে তিন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি ও দুজন নেপালি নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে তিন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি ও দুজন নেপালি নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছেন আরও চারজন—দুজন ইতালীয়, একজন জার্মান ও একজন কানাডীয় নাগরিক।
১২ সদস্যের একটি দলে পর্বতারোহী ও স্থানীয় গাইডরা ওই এলাকায় ট্রেকিংয়ে গিয়েছিলেন। তুষারধসের সময় তারা শৃঙ্গের কাছাকাছি অবস্থান করছিলেন।
পাঁচ নেপালি গাইড আহত অবস্থায় বেস ক্যাম্পে ফিরেছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্যান কুমার মহাতো জানান, তিনজনের মরদেহ দেখা গেছে, বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
দোলাখার না গাঁও এলাকায় সোমবার উদ্ধার হেলিকপ্টার নামানো হলেও প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে তল্লাশি অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দলটি মূলত কাছের দোলমা খাং শৃঙ্গ (উচ্চতা ৬,৩৩২ মিটার) আরোহনের প্রস্তুতি নিচ্ছিল।
পশ্চিম নেপালের প্যানবারি পর্বতে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহীরও খোঁজ চলছে। গত সপ্তাহে সাইক্লোন মন্থা আঘাত হানার পর নেপালের বিভিন্ন অঞ্চলে তুষারপাত ও ঝড়ো আবহাওয়ায় আটকা পড়েছেন বহু ট্রেকার ও অভিযাত্রী।
তথ্যসূত্র: বিবিসি