টেক্সাসে স্কুল ভাউচার কর্মসূচির নিবন্ধন শুরু, প্রথম বছরে বরাদ্দ ১ বিলিয়ন ডলার
টেক্সাসে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে চালু হতে যাওয়া স্কুল ভাউচার কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে প্রাইভেট স্কুল ও বর্তমান ভেন্ডররা অনলাইনে নিবন্ধন করতে পারবে। পরিবারগুলোর জন্য আবেদন গ্রহণ শুরু হবে ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি।

প্রথম বছরে কর্মসূচিটির সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ১ বিলিয়ন ডলার, যার মাধ্যমে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী সুবিধা পেতে পারে। ২০৩০ সালের মধ্যে ব্যয় বছরে ৪.৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থীভেদে বরাদ্দের অঙ্কও ভিন্ন হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বা কিছু প্রি-কে শিক্ষার্থী বছরে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত পেতে পারে। অন্য শিক্ষার্থীদের বরাদ্দ সর্বোচ্চ ২ হাজার ডলার। একবার নির্বাচিত হলে এবং নির্বাচিত হওয়ার পর নিয়ম মেনে চললে প্রতি বছর নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
সিট বেশি আবেদন কম হলে পরিবারগুলোর অগ্রাধিকার নির্ধারণে ব্যবহার করা হবে তাদের অ্যাডজাস্টেড গ্রস ইনকাম।
সমালোচকেরা বলছেন, এই কর্মসূচি সরকারি স্কুল থেকে অর্থ সরিয়ে নেবে এবং স্বল্প আয়ের পরিবারকে তেমন উপকার করবে না। তাদের অভিযোগ—এটি ‘ধনীদের কল্যাণ ভাতা’-তে পরিণত হতে পারে, কারণ ইতিমধ্যে যারা সন্তানকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে তারাই বেশি উপকৃত হবে।
যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে এমন কর্মসূচি থাকলেও, টেক্সাসের ভাউচার প্রোগ্রাম হবে দেশের সবচেয়ে বড় উদ্যোগ।
তথ্যসূত্র: ফক্স ফোর