প্লানোর পার্কে জগিং করার সময় নারীর ওপর হামলা, কিশোর আটক

প্লানোর বব উডরাফ পার্কে জগিং করার সময় হামলার শিকার হয়েছেন এক নারী। হাতুড়ি দিয়ে তার ওপর এক কিশোর আক্রমণ করে বলে জানিয়েছে পুলিশ।

Nov 14, 2025 - 22:26
প্লানোর পার্কে জগিং করার সময় নারীর ওপর হামলা, কিশোর আটক
পুলিশ আটক করেছে হামলাকারী সেরজিও নোয়ে ডে নোভা ডুয়ার্টেকে। ছবি: ফক্স ফোর

প্লানোর বব উডরাফ পার্কে জগিং করার সময় হামলার শিকার হয়েছেন এক নারী। হাতুড়ি দিয়ে তার ওপর এক কিশোর আক্রমণ করে বলে জানিয়েছে পুলিশ।

প্লানো পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শাইলো রোডের ২৩শ ব্লকে হামলার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। পার্কে দৌঁড়ানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি নারীটিকে অন্তত দুইবার হাতুড়ি দিয়ে আঘাত করে। তিনি প্রতিরোধ করলে হামলাকারী পালিয়ে যায়।

আহত নারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুত্বর নয় বলে জানা গেছে।

ঘটনাস্থলে ফেলে যাওয়া প্রমাণের সূত্র ধরে পুলিশ পরে হামলাকারীকে শনাক্ত করে। আটক কিশোরের নাম সেরজিও নোয়ে ডে নোভা ডুয়ার্টে, বয়স ১৭। পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত হাতুড়ি, ডাক্ত টেপসহ আরও কিছু জিনিস উদ্ধার করেছে, যেগুলো তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।

ডুয়ার্টের বিরুদ্ধে শরীরে আঘাতসহ গুরুতর অপহরণের অভিযোগ আনা হয়েছেএটি টেক্সাস আইনে ফার্স্ট-ডিগ্রি ফেলনি। তার বিরুদ্ধে ইমিগ্রেশন হোল্ডও রয়েছে।

তবে কী কারণে ওই নারীর ওপর হামলা তা এখনো স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর