ঢাকার প্রথম নারী এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। নতুন এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমানে পুলিশ অধিদপ্তরে কর্মরত শামীমা পারভীন এসপি পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
একই প্রজ্ঞাপনে ঢাকা জেলা পুলিশের বর্তমান এসপি মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এ বদলি করা হয়েছে।
দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ১২টি পদে রদবদল আনা হয়েছে। এর মধ্যে বাগেরহাটের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে এবং তার স্থলে ডিএমপির উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বিভিন্ন ইউনিটে একাধিক কর্মকর্তা বদলি করা হয়েছে, যার মধ্যে র্যাবের পরিচালক খালিদুল হক হওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা জেলা পুলিশের ইতিহাসে প্রথম নারী এসপি হিসেবে শামীমা পারভীনের নিয়োগকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ডালাস বার্তা প্রতিবেদক