যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ জানায়, উদ্ধার হওয়া দেহাবশেষ জামিল লিমনের। তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।
এখনও নিখোঁজ রয়েছেন নাহিদা সুলতানা বৃষ্টি, যিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। এসব তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ।
দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা ফেসবুক পোস্টে বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর ঘটনায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি এবং তদন্ত চলছে।
ঘটনার তদন্তে শুক্রবার সকালে টাম্পার লেক ফরেস্ট এলাকার একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া দেহাবশেষ জামিল লিমনের বলে শনাক্ত করা হয়।
শেরিফ কার্যালয় জানায়, ব্রুস বি. ডাউনস এলাকার লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছে এবং ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটক করা হয়।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে মায়ামি কনস্যুলেট।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে টাম্পায় নিজ বাসায় সর্বশেষ দেখা যায় জামিল লিমনকে। একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায় নাহিদা সুলতানা বৃষ্টিকে।
ডালাস বার্তা প্রতিবেদক