ইউনাইটেড-আমেরিকান একীভূতকরণের ভাবনা, বৈশ্বিক এভিয়েশন বাজারে আলোড়ন
যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ এয়ারলাইন— ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনকর্পোরেটেডের ও আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনকর্পোরেটেডের সম্ভাব্য একীভূতকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি উত্থাপন করেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কার্বি। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ এয়ারলাইন— ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনকর্পোরেটেডের ও আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনকর্পোরেটেডের সম্ভাব্য একীভূতকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি উত্থাপন করেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কার্বি। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
ব্লুমবার্গের প্রতিবেদনের পর শেয়ারবাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে—আমেরিকানের শেয়ার ১১ শতাংশ পর্যন্ত বাড়ে, আর ইউনাইটেডও সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে।
দুটি প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের শীর্ষ চার এয়ারলাইনের মধ্যে এবং যৌথভাবে বাজারের এক-তৃতীয়াংশের বেশি নিয়ন্ত্রণ করে। ফলে এ ধরনের একীভূতকরণ বাস্তবায়িত হলে এটি হবে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন, তবে একই সঙ্গে তীব্র অ্যান্টিট্রাস্ট উদ্বেগ, রাজনৈতিক চাপ এবং ভোক্তাদের বিরোধিতার মুখে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বাজার অস্থিরতা—বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি দামের ঊর্ধ্বগতি—এভিয়েশন খাতে পুনর্গঠনের সম্ভাবনা বাড়িয়েছে। কিরবি নিজেও ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে শিল্পে সম্পদ অধিগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
এই সম্ভাব্য চুক্তির সঙ্গে কিরবির ব্যক্তিগত ইতিহাসও জড়িত। একসময় তিনি আমেরিকান এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ছিলেন, পরে ২০১৬ সালে ইউনাইটেডে যোগ দেন এবং বর্তমানে এর নেতৃত্ব দিচ্ছেন।
দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা দীর্ঘদিনের, বিশেষ করে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে বাজার দখল নিয়ে। একই সঙ্গে প্রিমিয়াম সেবায় পিছিয়ে থাকার জন্য আমেরিকানকে প্রকাশ্যে সমালোচনা করেছেন কিরবি।
সম্ভাব্য একীভূত প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে এবং বহরে থাকবে প্রায় ২,৮০০ উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্রজুড়ে হাবের ওভারল্যাপ থাকায় ছোট এয়ারলাইনগুলোর তীব্র আপত্তির আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রে এ ধরনের বড় চুক্তি অনুমোদনের জন্য পরিবহন বিভাগ ও বিচার বিভাগ—উভয়েরই ছাড়পত্র প্রয়োজন। পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, প্রতিযোগিতা ও টিকিটের দামের ওপর প্রভাব বিবেচনায় নেওয়া হবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, শিল্পে কিছু একীভূতকরণের সুযোগ থাকতে পারে।
বর্তমানে বাজারমূল্যের দিক থেকে ইউনাইটেড (প্রায় ৩১ বিলিয়ন ডলার) আমেরিকানের (৭.৪ বিলিয়ন ডলার) তুলনায় এগিয়ে। তবে ২০২৬ সালের শুরু থেকে উভয় প্রতিষ্ঠানের শেয়ারই নিম্নমুখী।
উল্লেখ্য, অতীতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন শিল্পে একাধিক বড় একীভূতকরণ হয়েছে—যার মধ্যে রয়েছে ডেল্টা-নর্থওয়েস্ট ও ইউনাইটেড-কন্টিনেন্টাল। তবে সাম্প্রতিক সময়ে অ্যান্টিট্রাস্ট আইনের কারণে বেশ কিছু চুক্তি আটকে গেছে, যা নতুন কোনো উদ্যোগের পথকে আরও জটিল করে তুলতে পারে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ