৪০ দিন পর মার্কিন সরকারের অচলাবস্থা অবসানে অগ্রগতি, সিনেটে ঐকমত্য
টানা ৪০ দিনের শাটডাউন বা সরকারি অচলাবস্থা অবসানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সিনেটে রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি তহবিল বিলের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।
টানা ৪০ দিনের শাটডাউন বা সরকারি অচলাবস্থা অবসানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সিনেটে রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি তহবিল বিলের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।
মধ্যপন্থী ডেমোক্র্যাট সিনেটরদের সঙ্গে আলোচনার পর রিপাবলিকানরা ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্যসেবা ভর্তুকি বিলে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর বিনিময়ে ডেমোক্র্যাটরা সরকারি খাতের অর্থায়ন অব্যাহত রাখার বিলের পক্ষে ভোট দিতে রাজি হন।
এই তহবিল প্যাকেজে খাদ্য সহায়তা ও আইনসভা শাখার মতো খাতে চলতি অর্থবছর পর্যন্ত অর্থায়ন চালুর বিধান রয়েছে। বিলটির পক্ষে আটজন ডেমোক্র্যাট সিনেটর ভোট দিয়েছেন।
ওয়াশিংটন ডিসি থেকে আল–জাজিরার সাংবাদিক মাইক হান্না জানান, এই সমর্থনের ফলে সিনেট এখন অচলাবস্থা ভাঙার জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পেয়েছে। এটি ছিল একটি ক্লোচার ভোট—যা পাস হলে তহবিল বিলের ওপর চূড়ান্ত ভোট প্রক্রিয়া শুরু করা যায়। তিনি বলেন, ‘৬০ শতাংশ ভোটে অনুমোদন মানে পরবর্তী ধাপে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় বিল পাস সম্ভব, অর্থাৎ সরকার পুনরায় চালুর পথ এখন অনেকটাই খোলা।’
তবে বিলটি এখনো প্রতিনিধি পরিষদে পাস হতে হবে এবং শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
ফ্লোরিডায় সপ্তাহান্তের ছুটি শেষে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখে মনে হচ্ছে, আমরা শাটডাউন শেষ করার খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
টানা ৪০ দিন ধরে চলা এই অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে হাজারো ফ্লাইট বাতিল হয়েছে, প্রায় ৭ লাখ ৫০ হাজার সরকারি কর্মচারী বেতনহীন কর্মবিরতিতে রয়েছেন, আর লাখো আমেরিকানের খাদ্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা