পিলখানা হত্যাকাণ্ড: নতুন তদন্ত কমিশন নয়, আগের সুপারিশই বাস্তবায়ন করবে সরকার

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

Feb 25, 2026 - 12:55
পিলখানা হত্যাকাণ্ড: নতুন তদন্ত কমিশন নয়, আগের সুপারিশই বাস্তবায়ন করবে সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। তবে এত দিন সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে পুরো প্রতিবেদন পর্যালোচনা না করেই আমি কিছু মন্তব্য করেছিলাম। আজ সে বিষয়ে সংশোধন করে বলতে চাই, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করব না। যেহেতু ইতোমধ্যে একটি স্বাধীন দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের সুপারিশই বাস্তবায়ন করা হবে।

মন্ত্রীর ভাষ্য, প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়ায় আছে। বিচারাধীন মামলাগুলোর কিছু আপিল পর্যায়ে রয়েছে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশও পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

শহীদ পরিবার জাতিকে আশ্বস্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়সংগত বিচার নিশ্চিত করা হবে। ভবিষ্যতে যেন ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পিলখানার হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। তাঁর দাবি, বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না কিংবা দেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাদেরই এমন উদ্দেশ্য থাকতে পারে।

ডালাস বার্তা প্রতিবেদক