অস্কারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জয়, গ্ল্যামারের রাতে প্রতিবাদের প্রতিধ্বনি
জমকালো আয়োজন আর তারকার রেড কার্পেটের আলোয় সেজেছিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। তবে একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে ওঠে যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক প্ল্যাটফর্মও।
জমকালো আয়োজন আর তারকার রেড কার্পেটের আলোয় সেজেছিল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস। তবে একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে ওঠে যুদ্ধ, রাজনীতি এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক প্ল্যাটফর্মও।
রোববার (১৫ মার্চ) রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে হওয়া অস্কারের ৯৮ তম এই আসরে সেরা চলচ্চিত্রের মুকুট জিতেছে পল থমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, যা অভিবাসন সংকট ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের গল্প বলে। ছবিটি মোট ছয়টি অস্কার ঘরে তুলেছে, যেখানে শন পেন সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন। পল থমাস অ্যান্ডারসন বলেন, ‘এই সিনেমাটি আমার সন্তানদের জন্য লিখেছি… আমি বিশ্বাস করি, এই প্রজন্ম বিশ্বে সুশাসন ফিরিয়ে আনবে।’
রায়ান কুগলারের ‘সিনার্স’ একাধিক বিভাগে জয়ী হয়ে ইতিহাস গড়েছে। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান, ছবিটির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা সংগীত ও সেরা চিত্রগ্রহণও এসেছে ঝুলিতে।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি (‘হ্যামনেট’), পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন শন পেন (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’) এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন অ্যামি মুলিগান (‘ওয়েপনস’)।
অ্যানিমেশন বিভাগে ‘কে-পপ ডেমন হান্টার্স’ জিতেছে সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ও সেরা মৌলিক গানের পুরস্কার। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনে জয়ী ‘দ্য গার্লস হু ক্রাইড পার্লস’।
ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার জিতেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, মেকআপ ও হেয়ারস্টাইলের স্বীকৃতি ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’-এর ঝুলিতে। সেরা সাউন্ডের পুরস্কার ‘এফ১’-কে। তথ্যচিত্রে সেরা ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’, আর আন্তর্জাতিক ছবিতে সেরা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে)।
অস্কারের মঞ্চে যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে সাহসী বক্তব্য দেন হ্যাভিয়ের বারদেম। তিনি বলেন, ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন।’ তাঁর বক্তব্যের সময় ডলবি থিয়েটার করতালিতে মুখরিত হয়। নরওয়ের পরিচালক জোয়াকিম ট্রায়ারও শিশুদের ভবিষ্যতের জন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
বর্ণবাদ ও বৈচিত্র্যেও অস্কার রাত স্মরণীয়। মাইকেল বি জর্ডান কৃষ্ণাঙ্গ আইকনদের শ্রদ্ধা জানান, আর কোরীয় পরিচালক ম্যাগি ক্যাং বলেন, ‘আমাদের প্রতিনিধিত্ব বড় পর্দায় দেখা আজকের প্রাপ্তি।’
এ ছাড়া বন্দুক সহিংসতা ও এআই নিয়ে সমালোচনা প্রকাশিত হয়। নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘অল দ্য এম্পটি রুমস’ স্কুলে বন্দুক হামলার শিকার শিশুদের খালি ঘরের ছবি তুলে ধরে। উইল আর্নেট কৃত্রিম বুদ্ধিমত্তার শিল্প সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে সঞ্চালক কোনান ও’ব্রায়েন বলেন, ‘৩১টি দেশের মানুষ এখানে এসে সৌন্দর্যের সৃষ্টি করছে। অস্কারের গুরুত্ব তাই আরও বেড়ে গেছে।’
প্রধান বিজয়ীরা এক নজরে
• সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার
• সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন
• সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
• সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার)
• সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
• সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টার্স
• সেরা ডকুমেন্টারি (শর্ট): অল দ্য এম্পটি রুমস
৯৮তম অস্কার রাত শুধু বিজয়ীদের জন্য নয়—বিশ্ববিবেকের জন্যও শক্তিশালী প্রতিবাদের মঞ্চ হয়ে ইতিহাসে জায়গা করে নিল।