কলম্বিয়ায় নিখোঁজ মার্কিন ফ্লাইট অ্যাটেনডেন্ট, শেষ সঙ্গীদের অপরাধমূলক অতীত
কলম্বিয়ার মেডেলিন শহরে নিখোঁজ হওয়া আমেরিকান এয়ারলাইনসের এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে খুঁজে পেতে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন তদন্তকারীরা।
কলম্বিয়ার মেডেলিন শহরে নিখোঁজ হওয়া আমেরিকান এয়ারলাইনসের এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে খুঁজে পেতে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মেডেলিনের নিরাপত্তা সচিব ম্যানুয়েল ভিলা মেহিয়া জানান, ৩২ বছর বয়সী মার্কিন নাগরিক এরিক ফার্নান্দো গুতিয়েরেজ মোলিনার সঙ্গে শেষবার দেখা ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ডালাস–ফোর্ট ওয়ার্থভিত্তিক একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট।
কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে দুই সহকর্মীর সঙ্গে বাইরে বের হওয়ার পর মোলিনা এক নারীসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে অন্য একটি স্থানে যান। পরে যাদের শনাক্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ‘স্কোপোলামিন’ ব্যবহার করে চুরি করার অতীত রেকর্ড রয়েছে।
‘ডেভিলস ব্রেথ’ নামে পরিচিত এই মাদক ব্যবহার করে ভুক্তভোগীকে অচেতন বা বিভ্রান্ত করে সহজেই লুট করা হয় বলে জানায় তদন্তকারীরা। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ বা আটক–জিজ্ঞাসাবাদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তাদের ব্যবহৃত গাড়ি ও ফোন শনাক্ত করা হয়েছে।
এদিকে নিখোঁজের পর থেকে উৎকণ্ঠায় রয়েছেন মোলিনার স্বজনেরা। তাঁর সঙ্গী আর্নেস্তো কাররাঞ্জা বলেন, শনিবার রাতেই শেষবার যোগাযোগ হয়েছিল। এরপর থেকে বার্তা পৌঁছানো বন্ধ হয়ে যায়, যা তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
ঘনিষ্ঠ বন্ধু শ্যারম গিল জানান, তাঁরা স্থানীয় পুলিশ ও যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সহায়তা চেয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মোলিনা শনিবার রাতে মিয়ামি থেকে মেডেলিনে পৌঁছান এবং পরদিন সকালে তাঁর ফেরার কথা ছিল। তবে তিনি আর হোটেলে ফেরেননি।
মেডেলিনের লা আমেরিকা এলাকায় রোববার ভোরে তাঁকে শেষবার দেখা গেছে বলে নিখোঁজ সংক্রান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। টেক্সাসের অ্যাডিসন এবং মেডেলিন—উভয় স্থানেই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অ্যাডিসন পুলিশ জানিয়েছে, মামলাটি এখন এফবিআইর ডালাস ফিল্ড অফিস তদারকি করছে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনস জানায়, তারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্তে সহায়তা করছে এবং কর্মীর পরিবারের পাশে রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও শেষ অবস্থান শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত মোলিনার অবস্থান অজানা রয়েছে।
তথ্যসূত্র: এনবিসি ৫