শিশু যৌন নির্যাতন মামলায় ৬ মাস জেল খেটে মুক্ত টেক্সাসের মেগাচার্চ পাস্টর
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক এক মেগাচার্চের প্রতিষ্ঠাতা পাস্টর রবার্ট প্রেস্টন মরিস ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। ১৯৮০-এর দশকে এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষ স্বীকার করেছিলেন তিনি। ওসেজ কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬৪ বছর বয়সী মরিস মঙ্গলবার মধ্যরাতের পর মুক্তি পান।
যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক এক মেগাচার্চের প্রতিষ্ঠাতা পাস্টর রবার্ট প্রেস্টন মরিস ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন। ১৯৮০-এর দশকে এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষ স্বীকার করেছিলেন তিনি। ওসেজ কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬৪ বছর বয়সী মরিস মঙ্গলবার মধ্যরাতের পর মুক্তি পান।
গত বছর একটি সমঝোতা চুক্তির আওতায় পাস্টর শিশুর সঙ্গে অশ্লীল আচরণের পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন। চুক্তি অনুযায়ী তাকে ১০ বছরের স্থগিত (সাসপেন্ডেড) সাজা দেওয়া হয়, যার মধ্যে প্রথম ছয় মাস কারাগারে কাটাতে হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, ১৯৮২ সালে ওকলাহোমার হোমিনিতে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে থাকার সময় মরিস এই নির্যাতন শুরু করেন। তখন ভুক্তভোগীর বয়স ছিল ১২ বছর এবং মরিস ছিলেন ভ্রাম্যমাণ ধর্মপ্রচারক। মামলাটি পরিচালনা করে ওকলাহোমা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
মরিস টেক্সাসের সাউথলেকে অবস্থিত গেটওয়ে চার্চের সিনিয়র পাস্টর ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ সামনে আসার পর ২০২৪ সালের জুনে তিনি পদত্যাগ করেন। এর আগে তাঁকে ওকলাহোমার গ্র্যান্ড জুরি অভিযুক্ত করেছিল।
আদালতের নির্দেশ অনুযায়ী, মরিসকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধন করতে হবে এবং টেক্সাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকতে হবে। পাশাপাশি তাঁকে তার কারাবাসের খরচ, চিকিৎসা ব্যয় এবং ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী সিন্ডি ক্লেমিশায়ার, যিনি বর্তমানে পঞ্চাশোর্ধ্ব, রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অবশেষে ন্যায়বিচার হয়েছে। যে ব্যক্তি আমাকে ১২ বছর বয়সে প্রলোভন দেখিয়ে নির্যাতন করেছিল, সে শেষ পর্যন্ত কারাগারে গেছে।’
তার আইনজীবী জেফ লিচ জানান, মরিসের প্রায় ১০ বছরের প্রবেশন এবং আজীবন যৌন অপরাধী হিসেবে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকায় তারা স্বস্তি বোধ করছেন। একইসঙ্গে সিভিল কোর্টে আরও বিচার চাওয়ার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে মরিসের আইনজীবী বিল মাতেয়ার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মরিস ভুক্তভোগী ও তার পরিবারের কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি যা করেছি তা ছিল ভুল, এর কোনো অজুহাত নেই।’
২০০০ সালে প্রতিষ্ঠিত গেটওয়ে চার্চ যুক্তরাষ্ট্রের বৃহৎ মেগাচার্চগুলোর একটি। মরিস রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইভানজেলিক্যাল উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালে ট্রাম্প এই চার্চে এক অনুষ্ঠানে অংশও নিয়েছিলেন।
তথ্যসূত্র: এনবিসি