অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের সব কর্মকাণ্ডে যাদের কোনোভাবে ক্ষতি হয়েছে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের সব কর্মকাণ্ডে যাদের কোনোভাবে ক্ষতি হয়েছে, তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ, ২২ অক্টোবর ২০২৫, নিউইয়র্ক সময় রাত ৮টা ১১ মিনিটে আমি আবারও প্রকাশ্যে ঘোষণা করছি—১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত আমাদের কারণে যেখানেই, যেভাবে মানুষ কষ্ট পেয়েছেন, আমরা তার জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাই।’
জামায়াতের আমিরের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জামায়াতপ্রধান বলেন, ‘অনেকে বলেন, আপনি যদি সরাসরি কোনো অপরাধ না-ও করে থাকেন, তবু রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছেন—তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত। আমরা ইতিমধ্যে অন্তত তিনবার ক্ষমা চেয়েছি। অধ্যাপক গোলাম আজম চেয়েছেন, মাওলানা মতিউর রহমান চেয়েছেন, আমিও নিজে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি এ টি এম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পর আমি বলেছিলাম—শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে যদি জামায়াতে ইসলামির কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে এবং সংগঠনের পক্ষ থেকে সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। আমাদের ক্ষমা করে দিন।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা মানুষ, আমাদের সংগঠনও মানুষের সংগঠন। শত সিদ্ধান্তের মধ্যে একটিও যদি ভুল হয়ে থাকে এবং তাতে জাতির ক্ষতি হয়, তবে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়াতে দোষ কী?’ তিনি অভিযোগ করেন, ‘আমরা ক্ষমা চাইলে কেউ বলেন, এই ভাষায় নয়, ওই ভাষায় বলা উচিত। কিন্তু আমি তো শর্তহীনভাবে ক্ষমা চেয়েছি। এর বাইরে আর কী বলব?’
জামায়াত প্রধান বলেন, ‘আমরা কখনোই দাবি করিনি যে আমরা ভুলের ঊর্ধ্বে। কোনো রাজনৈতিক দল যদি বলে তারা ভুল করে না, জাতি সেটি প্রত্যাখ্যান করবে। আমরা এমন দাবি করি না।’ তিনি আরও বলেন, ‘ইচ্ছে বা অনিচ্ছায় যে সব ভুল আমরা করেছি, যারা আমাদের সেই ভুল ধরিয়ে দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর যাদের আমরা ক্ষতি করেছি, তাদের কাছে আমরা ক্ষমা চাইছি।’
নিউইয়র্কের অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একজনের, ‘অনেকে বলেন, ক্ষমা চাওয়া উচিত শুধু ১৯৭১ সালের ঘটনার জন্য’ কথার জবাবে জামায়াতের আমির বলেন, ‘ভাই, আমরা কি শুধু ১৯৭১ সালে ভুল করেছি? অন্য সময়ে নয়? যারা আমাদের ক্ষমা চাইতে বলেন, তারা কি ফেরেশতা? অতীত ঘেঁটে ঘেঁটে এসব তুললে জাতি আরও বিভক্ত হবে।’
তথ্যসূত্র: ডেইলি স্টার