প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু করতে আন্তমন্ত্রণালয় সভা
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর আদলে বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকৃত কৃষককে শনাক্ত করে সরাসরি সরকারি সেবা ও ভর্তুকি পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর আদলে বিশেষ ‘কৃষক কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকৃত কৃষককে শনাক্ত করে সরাসরি সরকারি সেবা ও ভর্তুকি পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক যাতে সরাসরি ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি পান, সে লক্ষ্যেই স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে এ কার্ড তৈরি হবে। একজন মোবাইল সিম গ্রাহকের মতোই কৃষক সরাসরি রাষ্ট্রীয় সেবা পাবেন—তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ থাকবে না।
তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত পাইলট প্রকল্প শুরু হবে। তবে কার্ড বিতরণের নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। প্রস্তুতির কাজ শেষ হলেই তা চালু করা হবে।
সভায় কৃষক কার্ডের জন্য পৃথক ডেটাবেস তৈরি, তথ্য যাচাই এবং বিতরণ ব্যবস্থার কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, প্রকৃত কৃষকের সঠিক তথ্য নিশ্চিত করে ডেটাবেস তৈরি করতে হবে, যাতে পরিকল্পনা ও বাজেট বণ্টন নির্ভুল হয়।
সরকারের মতে, কৃষক কার্ড শুধু পরিচয়পত্র নয়; এটি হবে সমন্বিত সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণে সহায়তা, বাজার ও আবহাওয়ার তথ্য এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে সেবা পাওয়া যাবে। শুরুতে নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প চালু করে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ডালাস বার্তা প্রতিবেদক