হোটেলের বাইরে গুলি, ডিনার থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালে বাইরে গুলির শব্দ শোনা যায়। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বার্ষিক এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আগে থেকেই উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট সদস্যরা সবাই নিরাপদ আছেন। তিনি বলেন, শিগগিরই হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলনে কথা বলবেন।
ট্রাম্প আরও জানান, অনুষ্ঠানটি পরবর্তী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি মার্কিন সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তাঁর ভাষ্য, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ শোনার পর অতিথিরা টেবিলের আড়ালে আশ্রয় নেন। এ সময় ‘নিচে থাকুন’ বলে চিৎকার শোনা যায়। পরে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেন এবং নিরাপত্তা জোরদার করেন।
আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানান, তিনি বলরুমের বাইরে অন্তত পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তাঁর ভাষায়, ‘আমরা গানপাউডারের গন্ধ পাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। শব্দটি বলরুমের প্রবেশদ্বারের খুব কাছেই হয়েছিল।’
তথ্যসূত্র: আল জাজিরা, রয়টার্স