দশম দফায় তিন দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের

ঢাকার উত্তরা পূর্ব থানায় করা এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তাকে মোট ১০ দফায় রিমান্ডে নেওয়া হলো।

Apr 30, 2026 - 13:37
দশম দফায় তিন দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের
ডিজিএফআই-এর সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছের। ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা পূর্ব থানায় করা এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। নিয়ে তাকে মোট ১০ দফায় রিমান্ডে নেওয়া হলো।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বুধবার শুনানি শেষে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্রে জানা যায়, আগের দুই দিনের রিমান্ড শেষে আফজাল নাছেরকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা পুলিশ। একই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট বিকেলে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা গুলির ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের স্বজন উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা করেন। রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে শিক্ষার্থী হত্যায় আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে গত ২৯ মার্চ রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ আফজাল নাছেরকে গ্রেপ্তার করে। পরে বিভিন্ন হত্যা মামলায় ধারাবাহিকভাবে তাকে রিমান্ডে নেওয়া হয়।

সবশেষ আদেশসহ এখন পর্যন্ত মোট ১০ দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডালাস বার্তা প্রতিবেদক