ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস আমাদের লক্ষ্য: ট্রাম্প
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ হামলাকে ‘ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূলের অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য।

ট্রাম্প বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের হুমকিগুলো নির্মূল করে আমেরিকান জনগণকে সুরক্ষা দেওয়া। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্রশিল্পকে মাটির সঙ্গে মিশিয়ে দেব।’
ইরানের নৌবাহিনী ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমরা তাদের নৌবাহিনী নিশ্চিহ্ন করে দেব। এই অঞ্চলের ‘প্রক্সি সন্ত্রাসী’রা যেন আর মধ্যপ্রাচ্য বা বিশ্বকে অস্থিতিশীল করতে না পারে, তা নিশ্চিত করব।’
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প তাঁর আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
মার্কিন সামরিক শক্তির বার্তা দিয়ে তিনি আরও বলেন, বর্তমান ইরানি শাসন দ্রুতই বুঝতে পারবে—যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস কারও দেখানো উচিত নয়।
এদিকে পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা