প্লে-অফের বাইরে ডালাস, তবু ইতিহাসের দুয়ারে ড্যাক প্রেসকট
ডালাস কাউবয়েসের এ মৌসুমেও প্লে-অফে ওঠা হচ্ছে না। তবে তাদের কোয়ার্টারব্যাক ড্যাক প্রেসকটের সামনে রোববার ইতিহাস গড়ার সুযোগ। রজার স্টাবাক, ট্রয় এইকম্যান বা টনি রোমোর মতো কিংবদন্তিরা যা করতে পারেননি, সেটাই করার হাতছানি প্রেসকটের সামনে।
ডালাস কাউবয়েসের এ মৌসুমেও প্লে-অফে ওঠা হচ্ছে না। তবে তাদের কোয়ার্টারব্যাক ড্যাক প্রেসকটের সামনে রোববার ইতিহাস গড়ার সুযোগ। রজার স্টাবাক, ট্রয় এইকম্যান বা টনি রোমোর মতো কিংবদন্তিরা যা করতে পারেননি, সেটাই করার হাতছানি প্রেসকটের সামনে।
নিয়মিত মৌসুমের শেষ সপ্তাহ শুরু হওয়ার আগে এনএফএলে পাসিং ইয়ার্ডে শীর্ষে আছেন প্রেসকট। তাঁর সংগ্রহ ৪,৪৮২ গজ, যা লস অ্যাঞ্জেলেস র্যামসের ম্যাথিউ স্ট্যাফোর্ডের চেয়ে ৩৪ গজ বেশি। শেষ ম্যাচে এই অবস্থান ধরে রাখতে পারলে, তিনিই হবেন ইতিহাসের প্রথম ডালাস কোয়ার্টারব্যাক যিনি এনএফএলের পাসিং লিডার।
তবে এই কৃতিত্ব কাউবয়েসের টানা দুই মৌসুম প্লে-অফ মিস করার হতাশা পুরোপুরি মুছে দেবে না। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত টানা তিন বছর প্লে-অফ খেলার পর এবারও মৌসুম শেষ হচ্ছে হতাশায়। প্রেসকট নিজেও রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না। বললেন, ‘রেকর্ড ভালো লাগবে, কিন্তু আমি শুধু খেলাটা খেলছি।’
এই মৌসুমের পরিসংখ্যানে প্রেসকটের দাপট সুস্পষ্ট। পাসিং ইয়ার্ডের পাশাপাশি তাঁর ৩৯৭টি কমপ্লিশন ও ৫৮৯টি অ্যাটেম্প্ট—দুটিই এনএফএলের সর্বোচ্চ। প্রো বোলেও জায়গা করে নিয়েছেন তিনি। চতুর্থ কোয়ার্টারে চারটি কামব্যাক করেছেন, যা তাঁর আগের নয় মৌসুমের প্রায় সবকটির চেয়ে বেশি। একই সঙ্গে ইন্টারসেপশন হারও ক্যারিয়ার গড়ের নিচে।
ডালাসের আক্রমণও ছিল কার্যকর—৪৯টি টাচডাউন ও স্কোরিংয়ে লিগে চতুর্থ। তবে পয়েন্ট হজমের হিসাবে কাউবয়েসেরর রক্ষণ ছিল এনএফএলের সবচেয়ে দুর্বলগুলোর একটি।
রোববার নিউইয়র্ক জায়ান্টসের বিপক্ষে শুরু করবেন প্রেসকট, যদিও কোচ ব্রায়ান শটেনহাইমার ইঙ্গিত দিয়েছেন—ম্যাচের একপর্যায়ে ব্যাকআপ জো মিল্টনকেও খেলানো হতে পারে। এতে পাসিং শিরোপার লড়াই নির্ভর করতে পারে কতক্ষণ মাঠে থাকছেন প্রেসকট তার ওপরই।
অন্যদিকে, প্লে-অফ নিশ্চিত করা র্যামসের হয়ে স্ট্যাফোর্ডও খেলবেন অ্যারিজোনা কার্ডিনালসের বিপক্ষে। অভিজ্ঞ এই কোয়ার্টারব্যাক শেষ ম্যাচে শক্ত বার্তা দিতে চাইবেন—হয়তো এমভিপি ভোটারদের মনেও প্রভাব ফেলতে।
প্লে-অফ না থাকলেও, ডালাসের জন্য এই মৌসুমের শেষ দিনে নজর থাকবে এক জায়গাতেই—ড্যাক প্রেসকট কি পারবেন সেই ইতিহাস গড়তে, যা এতদিন অধরাই ছিল কাউবয়েস কোয়ার্টারব্যাকদের জন্য?
তথ্যসূত্র: এনবিসি নিউজ