ডাউনটাউন ছেড়ে প্লানোতে যাচ্ছে ডালাস স্টার্স, ১ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট
উত্তর টেক্সাসের জনপ্রিয় আইস হকি দল ডালাস স্টার্স নতুন অ্যারেনা ও বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দলটি দীর্ঘদিনের ঠিকানা ডাউনটাউন ডালাস ছেড়ে প্লানোতে চলে যেতে পারে।
উত্তর টেক্সাসের জনপ্রিয় আইস হকি দল ডালাস স্টার্স নতুন অ্যারেনা ও বিনোদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দলটি দীর্ঘদিনের ঠিকানা ডাউনটাউন ডালাস ছেড়ে প্লানোতে চলে যেতে পারে।
বুধবার ডালাস স্টার্স কর্তৃপক্ষ জানায়, তারা প্লানো সিটির সঙ্গে একটি অ-বাধ্যতামূলক সমঝোতা স্মারক (Letter of Intent) স্বাক্ষর করেছে। প্রস্তাবিত প্রকল্পটি প্লানোর ‘দ্য শপস অ্যাট উইলো বেন্ড’ এলাকায় গড়ে তোলা হবে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পে একটি আধুনিক অ্যারেনাকে কেন্দ্র করে ক্রীড়া, বিনোদন, খুচরা ব্যবসা, রেস্তোরাঁ এবং জনসমাগমের জন্য উন্মুক্ত বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে।
প্রস্তাবিত অ্যারেনা নির্মাণে ব্যয় এক বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এর মধ্যে প্রায় ৭০০ মিলিয়ন ডলার প্লানো সিটির পক্ষ থেকে অর্থায়ন করা হতে পারে বলে শহর কর্তৃপক্ষের আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়েছে।
তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে প্লানো সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। ৮ জুন অনুষ্ঠিতব্য কাউন্সিল সভায় এ বিষয়ে জনশুনানির আয়োজন করা হয়েছে।
ডালাস স্টার্সের মালিক, গভর্নর ও চেয়ারম্যান টম গাগলার্ডি বলেন, “এই প্রকল্প আমাদের ফ্র্যাঞ্চাইজির জন্য জীবনে একবারই আসা সুযোগ হতে পারে। আমরা প্লানো সিটি কাউন্সিলের ভোটের অপেক্ষায় আছি এবং উইলো বেন্ড এলাকার পুনর্গঠনের অংশ হতে আগ্রহী।”
প্লানোর মেয়র জন মানস বলেন, “বিশ্বমানের অংশীদার ও কমিউনিটিভিত্তিক বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য প্লানোর সুনাম রয়েছে। ডালাস স্টার্সের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে।”
অন্যদিকে সম্ভাব্য এই স্থানান্তর নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডালাসের মেয়র এরিক জনসন। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে ডাউনটাউন ডালাসকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং পার্শ্ববর্তী শহরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আরও কার্যকর হতে হবে।
ডালাস সিটি ম্যানেজার কিম টলবার্ট জানিয়েছেন, শহর কর্তৃপক্ষ এখনও স্টার্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দলটিকে ডালাস শহরের সীমানার মধ্যেই রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই উত্তর টেক্সাসের আরেক পেশাদার দল ডালাস মাভেরিকসও ডাউনটাউন ডালাসের বাইরে নতুন অ্যারেনা ও বিনোদন জেলা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। ২০০১ সাল থেকে ডালাস স্টার্স ও মাভেরিকস যৌথভাবে আমেরিকান এয়ারলাইনস সেন্টার ব্যবহার করে আসছে। দুই দলের বর্তমান ইজারা চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩১ সালে।
প্লানোর স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই নতুন প্রকল্প নিয়ে আশাবাদী। তবে সম্ভাব্য যানজট নিয়ে কিছু উদ্বেগও রয়েছে। উইলো বেন্ড এলাকার একটি রেস্তোরাঁর মালিক লালো গুজম্যান বলেন, নতুন অ্যারেনা এলে ব্যবসার সুযোগ বাড়বে, তবে বাড়তি ট্রাফিক কীভাবে সামাল দেওয়া হবে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়।
তথ্যসূত্র: ফক্স ফোর