মামদানির ক্ষমতা হস্তান্তর দলে বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা রহিমকে নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় এই দল মামদানির প্রশাসনকে নির্দেশনা দেবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জারা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মামদানির সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মায়া হান্ডা, তাশা ভ্যান অকেন এবং ফাইজা আলি। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় তাদের অবদান মামদানির জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা জারা বাংলাদেশি অভিবাসী বাবা-মায়ের সন্তান। তার বাবা-মা ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
মামদানির প্রচারণায় যোগদানের আগে জারা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনে ইউনুস সেন্টারে কাজ করেছেন। পরে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুনর্নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডার ডিজিটাল কনটেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি হোয়াইট হাউসের অফিস অফ ডিজিটাল স্ট্র্যাটেজিতে কাজ করেছেন এবং হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার পাশাপাশি উবার, ভোগ ও দ্য উইং-এর মতো প্রতিষ্ঠানে সিনিয়র কমিউনিকেশনস পদে কর্মরত ছিলেন।
তথ্যসূত্র: টিবিএস