সাফের হ্যাটট্রিক শিরোপার দুয়ারে বাংলাদেশের মেয়েরা
নাটকীয় এক সেমিফাইনালে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।
নাটকীয় এক সেমিফাইনালে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের মেয়েরা।
বুধবার ভারতের মারগাওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে নেপাল। ম্যাচের ৩ ও ৯ মিনিটে রাশমি কুমারী এবং রেখা পৌডেলের শট দারুণ দক্ষতায় রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।
তবে ২৩ মিনিটে আর রক্ষা হয়নি। দীপা শাহীর কর্নার থেকে পাওয়া বলে গীতা রানা গোল করে নেপালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগকে চাপে ফেলে নেপাল। ৩৬ মিনিটে প্রীতি রাইয়ের দূরপাল্লার শট আঙুলের ছোঁয়ায় ক্রসবারে লাগিয়ে বিপদমুক্ত করেন মিলি।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার লক্ষ্যে ৪০ মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন মাঠে নামার পর আক্রমণে গতি পায় বাংলাদেশ।
এর ফলও আসে দ্রুত। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে সরাসরি বল জালে জড়িয়ে অসাধারণ এক ‘অলিম্পিক গোল’ করেন ঋতুপর্ণা চাকমা। তাঁর সেই গোলে ১-১ সমতায় ফিরেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও দুই দলই আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে। ৪৭ মিনিটে রেখা পৌডেলের শট পোস্টে লেগে ফিরে আসায় এগিয়ে যাওয়ার সুযোগ হারায় নেপাল। অন্যদিকে ৬৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে মনিকা চাকমার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সাগরিকা। নেমেই নেপালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন তিনি। ৭৮ মিনিটে তাঁর শক্তিশালী শট নেপালের গোলরক্ষক আঞ্জিলা সুব্বা দুর্দান্তভাবে প্রতিহত করেন।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই আসে বাংলাদেশের জয়সূচক গোল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো বল নেপালের দুই ডিফেন্ডারের পায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। একই সঙ্গে শিরোপা ধরে রাখার স্বপ্নও জিইয়ে রাখলেন ঋতুপর্ণা-শামসুন্নাহাররা।
ডালাস বার্তা ডেস্ক