হিউস্টনে প্রচণ্ড শব্দের মাঝে এক নারীর বাড়িতে আছড়ে পড়ল উল্কাপিণ্ড
হিউস্টন এলাকায় শনিবার বিকট এক শব্দ হওয়া এবং ঘরবাড়ি কেঁপে ওঠার খবরের পর, এক নারী দাবি করেছেন যে, তার ঘরের ছাদ ফুটো করে আসা একটি বস্তু সম্ভবত সেই শব্দের কারণ হতে পারে।
হিউস্টন এলাকায় শনিবার বিকট এক শব্দ হওয়া এবং ঘরবাড়ি কেঁপে ওঠার খবরের পর, এক নারী দাবি করেছেন যে, তার ঘরের ছাদ ফুটো করে আসা একটি বস্তু সম্ভবত সেই শব্দের কারণ হতে পারে।
শনিবার বিকেল ৫টার ঠিক আগে আগে অনেকটা বজ্রপাত বা বিস্ফোরণের মতো এক শব্দে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে ওঠে। সবাই এর উৎস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। ব্রেনহ্যাম ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে, তারা একটি সম্ভাব্য বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু সেখানে কোনো বিস্ফোরণের প্রমাণ পায়নি।
অনেকে ধারণা করছিলেন যে, এই শব্দ কোনো উল্কাপাত বা ‘সোনিক বুম’ থেকে হয়ে থাকতে পারে।
তবে এরই মধ্যে শেরি জেমস নামে এক নারী ফক্স ২৬-এর সাথে যোগাযোগ করে দাবি করেন, একটি উল্কাপিণ্ড তাঁর বাড়ির ছাদ ফুটো করে ভেতরে পড়েছে। তিনি সাহায্যের জন্য পন্ডেরোসা ফায়ার ডিপার্টমেন্টকে ডাকেন।
ফায়ার ক্যাপ্টেন টাইলার এলিংহ্যাম জেমসের ডাকে সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাপ্টেনের দল সেখানে একটি অস্বাভাবিক পাথর খুঁজে পায়। আশেপাশে কোনো নির্মাণকাজ বা গাছপালা না থাকায় ফায়ার ডিপার্টমেন্টের ধারণা— এই পাথরটিই সেই উল্কার অংশ যা পুরো হিউস্টনজুড়ে শোনা গিয়েছিল।
উল্কাপাতের খবরটি নিশ্চিত করার জন্য ফক্স ২৬ নাসার সাথে যোগাযোগ করেছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাসার পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
তথ্যসূত্র: ফক্স ফোর