মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।

Feb 28, 2026 - 13:59
মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি: গালফ নিউজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।

তেহরানের আকাশে ধোঁয়া দেখা দেওয়ার পর এবং ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান, ইরাক, ইসরায়েল, সিরিয়া, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশপথ আংশিকভাবে বন্ধ করার ঘোষণা দেয়।

প্রত্যক্ষদর্শীরা মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দেখার কথা জানিয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উপসাগরীয় অঞ্চলের সম্পদশালী দেশগুলোর বিভিন্ন রাজধানীতে আঘাত হেনেছে, যাতে অন্তত একজন নিহত হয়েছে। এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, টার্কিশ এয়ারলাইনস, নরওয়েজিয়ান, এয়ার আলজেরি এবং লুফথানসার মতো বিমান সংস্থাগুলো ব্যাপক হারে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডান ও লেবাননসহ অঞ্চলের কয়েকটি গন্তব্যে এমিরেটসের  অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।  এমিরেটস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ নিচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।’

ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ায় সব এয়ারলাইনসকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দর সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশগুলোর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে এসব রুটে নির্ধারিত একাধিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্বিত বা পুনঃনির্ধারিত হয়েছে।

বেবিচকের নির্দেশনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইনসকে যাত্রীদের ফ্লাইট বাতিল বা বিলম্বের বিষয়ে এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে আগাম অবহিত করার নির্দেশ দিয়েছে।

ডালাস বার্তা ডেস্ক