মদিনার পথে বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ওমরাহ যাত্রীর মৃত্যু

সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Nov 17, 2025 - 23:34
মদিনার পথে বাস–ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ওমরাহ যাত্রীর মৃত্যু
দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়। ছবি: গালফ নিউজ

সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসটি ওমরাহযাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে বেশির ভাগই তেলেঙ্গানা রাজ্যের যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে বহু নারী শিশু থাকতে পারে। বাসে অন্তত ২০ নারী ১১ শিশু ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। স্থানীয় সূত্রে ৪২ জনের মৃত্যুর খবর মিললেও সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪২ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, ভারতীয় দূতাবাস স্থানীয় সৌদি কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- লিখেছেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের বহনকারী বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সব ধরনের সহায়তা প্রদান করছে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: গালফ নিউজ, হিন্দুস্তান টাইমস