প্রথম দিনেই উত্তপ্ত ত্রয়োদশ সংসদ, রাষ্ট্রপতির ভাষণে বিরোধীদের ওয়াকআউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছে সংসদে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেন। তবে সংসদের সব গঠনমূলক কাজে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দল।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ ছড়িয়েছে সংসদে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে দিতে ওয়াকআউট করেন। তবে সংসদের সব গঠনমূলক কাজে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দল।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকারের চেয়ার ফাঁকা রেখে কার্যক্রম শুরু করা হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি করা হয়।
পরে কণ্ঠভোটে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। দায়িত্ব নেওয়ার আগে দুজনই যথাক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন বলেন, সংসদকে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত করা হবে এবং জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে।
স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ থেকে আপনারা কোনো দলের নন, এই সংসদের অভিভাবক।’ তিনি দাবি করেন, দীর্ঘ সময় জনগণের ভোটাধিকার খর্ব করে সংসদকে অকার্যকর করে রাখা হয়েছিল, তবে বর্তমান সংসদ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমান সংসদকে ‘চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বিশেষ সংসদ’ বলে উল্লেখ করেন। তিনি সংসদকে জনকল্যাণের জন্য কার্যকর রাখার আহ্বান জানান।
বেলা ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণের জন্য আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় সদস্যদের একাংশ প্রতিবাদে দাঁড়িয়ে যান। তাঁরা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’সহ বিভিন্ন স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী সদস্যরা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন।
দিনের কার্যক্রম শেষে অধিবেশন আগামী রোববার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সংসদের প্রথম দিনের অধিবেশনে ভিভিআইপি গ্যালারিতে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এবং জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তাকারী কয়েকজন সাধারণ নাগরিকও।
ডালাসবার্তা প্রতিবেদক