কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল। ‘মামুন পরিবহন’ নামের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। সংঘর্ষের পর বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে উদ্ধার অভিযানে আরও ৫ জনের মরদেহ পাওয়া গেলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে। নিহতদের মধ্যে ৩ শিশু ও ২ জন নারী রয়েছেন।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
ডালাস বার্তা প্রতিবেদক