নারী টেনিস খেলোয়াড়দের জিন পরীক্ষা বাধ্যতামূলক করল ডব্লিউটিএ
নারী পেশাদার টেনিসে অংশ নেওয়া সব খেলোয়াড়ের জন্য একবারের জিন পরীক্ষা বাধ্যতামূলক করেছে উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে নতুন নিয়মটি কার্যকর হবে।
নারী পেশাদার টেনিসে অংশ নেওয়া সব খেলোয়াড়ের জন্য একবারের জিন পরীক্ষা বাধ্যতামূলক করেছে উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার থেকে নতুন নিয়মটি কার্যকর হবে।
পরীক্ষার মাধ্যমে খেলোয়াড়ের শরীরে এসআরওয়াই নামের একটি জিন আছে কি না, তা দেখা হবে। এই জিন সাধারণত ওয়াই ক্রোমোজোমে থাকে এবং গর্ভাবস্থায় পুরুষের শারীরিক বিকাশ শুরুর সঙ্গে যুক্ত।
গালের ভেতর থেকে নমুনা অথবা রক্তের মাধ্যমে এই পরীক্ষা করা যাবে। নারী বিভাগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারণে পরীক্ষার ফল ব্যবহার করা হবে।
ডব্লিউটিএ জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন যোগ্যতার নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন আনা হয়েছে। অ্যাথলেটিকস, স্কিইং ও বক্সিংয়ের নিয়ন্ত্রক সংস্থাগুলোও একই ধরনের পরীক্ষা চালু করেছে।
সংস্থাটি বলেছে, পরীক্ষার তথ্য গোপন রাখা হবে এবং খেলোয়াড়দের মর্যাদার প্রতি সম্মান দেখানো হবে। তবে মানবাধিকার বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের একটি অংশ বাধ্যতামূলক পরীক্ষাটি বৈষম্যমূলক হতে পারে বলে সমালোচনা করেছেন।