যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু, সরকার দেবে এক হাজার ডলার
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু হয়েছে। গত সপ্তাহান্তে চালু হওয়া এই অ্যাকাউন্ট শেয়ারবাজার সূচকভিত্তিক তহবিলে বিনিয়োগ করবে এবং শিশু ১৮ বছর বয়সে পৌঁছালে তারা শিক্ষা বা বাড়ি কেনার মতো কাজে অর্থ তুলতে পারবে।
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট চালু হয়েছে। গত সপ্তাহান্তে চালু হওয়া এই অ্যাকাউন্ট শেয়ারবাজার সূচকভিত্তিক তহবিলে বিনিয়োগ করবে এবং শিশু ১৮ বছর বয়সে পৌঁছালে তারা শিক্ষা বা বাড়ি কেনার মতো কাজে অর্থ তুলতে পারবে।
এনপিআর জানিয়েছে, কংগ্রেস গত বছর ওয়ান বিগ বিউটিফুল বিল আইনের অংশ হিসেবে এই অ্যাকাউন্টের অনুমোদন দিয়েছে। গত ৬ জুলাই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই তহবিলের প্রথম দিনের ট্রেডিং উদযাপন করেছেন।
২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ফেডারেল সরকারের কাছ থেকে এক হাজার ডলার বীজ তহবিল পাবে। আর্থিক পরিকল্পনাকারীদের হিসাব অনুযায়ী, কোনো অতিরিক্ত বিনিয়োগ ছাড়াও ৮ শতাংশ প্রত্যাশিত রিটার্নে সেই এক হাজার ডলার ১৮ বছরে প্রায় চার হাজার ডলার হয়ে যাবে। এই সময়সীমার বাইরে জন্ম নেওয়া ১১ বছরের কম বয়সী শিশুরা ডেল টেকনোলজিসের মাইকেল ও সুসান ডেলের দেওয়া ৬২৫ কোটি ডলার অনুদান থেকে আড়াই শত ডলার পাওয়ার সুযোগ পাবে, তবে পারিবারিক আয়ের শর্ত প্রযোজ্য।
মাইক্রন, মাস্টারকার্ড, উবার ও ভিসার মতো বেশ কয়েকটি কোম্পানি কর্মীদের সন্তানদের অ্যাকাউন্টে চাঁদা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অভিভাবকেরা ট্রাম্প অ্যাকাউন্টে অর্থ রাখার আগে নিজেদের অবসর তহবিলে সর্বোচ্চ পরিমাণ জমা নিশ্চিত করুন।
ট্রাম্প অ্যাকাউন্ট ও বিদ্যমান ৫২৯ শিক্ষা পরিকল্পনার মধ্যে পার্থক্য হলো, ৫২৯ পরিকল্পনায় অর্থ করমুক্তভাবে তোলা যায় তবে শুধু শিক্ষায় ব্যবহারের জন্য, আর ট্রাম্প অ্যাকাউন্টে বিনিয়োগ বৃদ্ধির ওপর কর দিতে হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে উভয় পরিকল্পনা একসঙ্গে নেওয়া সম্ভব।
সূত্র: এনপিআর