ইরভিংয়ের ম্যাকআর্থার হাই স্কুলে যক্ষ্মা সংক্রমণের তদন্ত, শিক্ষার্থীদের পরীক্ষার পরামর্শ

ইরভিং ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ম্যাকআর্থার হাই স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যক্ষ্মার সম্ভাব্য সংক্রমণের ঘটনা তদন্ত করছে ডালাস কাউন্টি স্বাস্থ্য বিভাগ।

Aug 15, 2026 - 19:27
ইরভিংয়ের ম্যাকআর্থার হাই স্কুলে যক্ষ্মা সংক্রমণের তদন্ত, শিক্ষার্থীদের পরীক্ষার পরামর্শ
উইকিমিডিয়া কমন্স: Architectsea

ইরভিং ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ম্যাকআর্থার হাই স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যক্ষ্মার সম্ভাব্য সংক্রমণের ঘটনা তদন্ত করছে ডালাস কাউন্টি স্বাস্থ্য বিভাগ।

গত ১৪ আগস্ট বৃহস্পতিবার ডালাস কাউন্টি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানায়, ওই শিক্ষাবর্ষে ম্যাকআর্থার হাই স্কুলে পড়া দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ফেরত আসা শিক্ষার্থীদের যক্ষ্মা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

সংক্রমণ ঠিক কখন বা স্কুলের কোথায় হয়েছিল, তা এখনো নিশ্চিত নয়। নতুন ভর্তি হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী বা নতুন ছাত্রছাত্রীদের পরীক্ষা করানোর প্রয়োজন নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইরভিং আইএসডি নিজ উদ্যোগে পরীক্ষার ব্যবস্থা রেখেছে।

ডালাস কাউন্টি হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জানিয়েছে, সাধারণ জনগণের জন্য ঝুঁকি কম। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এই পরামর্শের অর্থ এই নয় যে শিক্ষার্থীরা সংক্রমিত হয়েছেন। তবে সুপ্ত যক্ষ্মায় কোনো উপসর্গ থাকে না বলে সতর্কতামূলকভাবে পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষাটি বাধ্যতামূলক নয়।

যক্ষ্মা বায়ুবাহিত রোগ, কাশি বা কথা বলার সময় সংক্রমিত হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ সুপ্ত যক্ষ্মা বহন করেন এবং চিকিৎসা না হলে তাদের প্রতি দশজনে একজন সক্রিয় রোগে আক্রান্ত হতে পারেন।

সূত্র: এনবিসি ডিএফডব্লিউ