এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার টাঙালেন দুই দুঃসাহসী, তারপর প্রেমের প্রস্তাব
নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একেবারে চূড়ায় উঠে শান্তির বার্তা লেখা একটি বড় ব্যানার উড়িয়ে দিলেন এক দুঃসাহসী জুটি। এরপর সেখানেই বিয়ের প্রস্তাব দিলেন পুরুষটি তার সঙ্গিনীকে। কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই ভবনের ট্রান্সমিশন টাওয়ারের শীর্ষে আঙুলের ডগায় ঝুলে থাকা এই দৃশ্য গোটা শহরকে স্তব্ধ করে দেয়।

গত ১ জুলাই বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, আরোহণকারী দুজন হলেন নিউ জার্সির ইস্ট অরেঞ্জের বাসিন্দা ৩২ বছর বয়সী ইভান কুজনেৎসভ ও ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলিনা নিকোলাউ। তারা সোশ্যাল মিডিয়ায় ইভান বিয়ারকাস ও অ্যাঞ্জেলা নামে পরিচিত। জনপ্রিয় নেটফ্লিক্স ডকুমেন্টারি 'স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি'তে তাদের দেখা গেছে।
কালো রঙের ব্যানারে সাদা অক্ষরে লেখা ছিল, 'যখন ভালোবাসার শক্তি ক্ষমতার ভালোবাসাকে হারাবে, তখন পৃথিবী শান্তি পাবে।' এই উক্তিটি সাধারণত জিমি হেনড্রিক্সের বলে ধরা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা ১০৩তলায় পানির ট্যাংকের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত একটি হ্যাচ দিয়ে ভেতরে ঢুকেছিলেন। ১০২তলা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকলেও ১০৩তলা নয়।
চূড়ায় থাকাকালীন তারা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া বিপদ সৃষ্টি, ফৌজদারি ক্ষতিসাধন, চোরের সরঞ্জাম রাখা, অনধিকার প্রবেশ ও বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে তাদের বিচারিক শুনানি হয় এবং তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়। 'রুফটপিং' নামে পরিচিত এই ধরনের দুঃসাহসিক কাজ, যেখানে কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই উঁচু ভবনে ওঠা হয়, তাতে এই জুটি আগেও জড়িত ছিল। সূত্র: সিবিএস নিউইয়র্ক