রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন, একাধিক সূত্রের দাবি
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র দাবি করেছে। সূত্রগুলো জানায়, এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র দাবি করেছে। সূত্রগুলো জানায়, এক বা দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
দ্য ডেইলি স্টার জানিয়েছে, গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় শাহাবুদ্দিন ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। সফর ছিল ৯ থেকে ১৮ মে। পরে গোয়েন্দা সংস্থাগুলো এই কথোপকথনের বিষয়ে জানতে পেরে রাষ্ট্রপতিকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয় বলে সূত্র জানায়।
বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, শুধু ফোনালাপ নয়, পরিস্থিতি আরও জটিল। হাসিনা সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়েছে। গত ১০ জুলাই রয়টার্স জানিয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও নিষিদ্ধ দলের নেত্রী হাসিনা ডিসেম্বরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন।
গত ১৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা বৈঠকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার নির্দেশ দেন। সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র দ্য ডেইলি স্টারকে বলেছে, শাহাবুদ্দিনের বিদায় একটি স্বাভাবিক পরিণতি।
শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আগের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনিই এখন একমাত্র ব্যক্তি। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সূত্র: দ্য ডেইলি স্টার