ভিডিও রেকর্ড করবে না অ্যাপলের স্মার্ট হোম ক্যামেরা, দেবে কেবল টেক্সট বার্তা

অ্যাপল একটি স্মার্ট হোম নিরাপত্তা ক্যামেরা তৈরি করছে যা ভিডিও ধারণ বা সংরক্ষণ করবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ডিভাইস পরিবেশ বিশ্লেষণ করে শুধু টেক্সট বার্তায় তথ্য জানাবে।

Oct 3, 2026 - 19:30
ভিডিও রেকর্ড করবে না অ্যাপলের স্মার্ট হোম ক্যামেরা, দেবে কেবল টেক্সট বার্তা
উইকিমিডিয়া কমন্স: InvadingInvader

অ্যাপল একটি স্মার্ট হোম নিরাপত্তা ক্যামেরা তৈরি করছে যা ভিডিও ধারণ বা সংরক্ষণ করবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ডিভাইস পরিবেশ বিশ্লেষণ করে শুধু টেক্সট বার্তায় তথ্য জানাবে।

ব্লুমবার্গের মার্ক গার্মান তার পাওয়ার অন পডকাস্টের প্রথম পর্বে এই তথ্য জানান। দ্য ভার্জ জানায়, প্রকল্পটির কোডনাম জে৪৫০ এবং এটি অ্যাপলের আসন্ন স্মার্ট হোম ইকোসিস্টেমের অংশ হবে।

ক্যামেরাটি সিলিন্ডার আকৃতির এবং নিম্ন ফ্রেম রেটে কাজ করে। সব তথ্য প্রক্রিয়াকরণ ডিভাইসের মধ্যেই হবে এবং কোনো ভিডিও ফুটেজ সংরক্ষণ বা পাঠানো হবে না।

গার্মান জানান, ক্যামেরায় মুখ শনাক্তকরণ প্রযুক্তি থাকবে এবং কেউ ঘরে ঢুকলে তা শনাক্ত করা যাবে। তবে ব্যবহারকারীরা কোনো ভিডিও দেখতে পাবেন না, কেবল টেক্সট বিবরণ পাবেন।

এই ক্যামেরাটি অ্যাপলের স্মার্ট হোম ডিসপ্লে প্রকল্প জে৪৯০-এর সঙ্গী পণ্য হিসেবে আসবে। অ্যাপলের এয়ারপডস ক্যামেরা প্রকল্পের মতো একই ধরনের ইমেজ সেন্সর প্রযুক্তি এতে ব্যবহার হবে বলে জানানো হয়েছে।

সূত্র: দ্য ভার্জ