আলাস্কায় আমেরিকান সামোয়ানদের বিরুদ্ধে ভোটার নিবন্ধন মামলা প্রত্যাহার
আলাস্কায় আমেরিকান সামোয়া থেকে আসা ১১ জন বাসিন্দার বিরুদ্ধে দায়ের করা ভোটার নিবন্ধন জালিয়াতির মামলা প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যের প্রসিকিউটররা।
আলাস্কায় আমেরিকান সামোয়া থেকে আসা ১১ জন বাসিন্দার বিরুদ্ধে দায়ের করা ভোটার নিবন্ধন জালিয়াতির মামলা প্রত্যাহার করে নিয়েছেন রাজ্যের প্রসিকিউটররা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের আপিল আদালত এক সপ্তাহ আগে টুপি স্মিথ নামের এক নারীর বিরুদ্ধে আনা ফেলনি অভিযোগ খারিজ করে দেওয়ার পর রাজ্য কৌঁসুলিরা এই পদক্ষেপ নেন।
আমেরিকান সামোয়া যুক্তরাষ্ট্রের একমাত্র অঞ্চল যেখানে জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব মেলে না; ওই অঞ্চলের বাসিন্দারা মার্কিন জাতীয় হিসেবে বিবেচিত হন। স্মিথ ২০২৩ সালে একটি স্কুল বোর্ড নির্বাচনে জয়ী হন এবং তিনি বলেছেন, হুইটিয়ারের স্থানীয় নির্বাচনি কর্মকর্তাদের ভুল নির্দেশনার ভিত্তিতে নিজেকে মার্কিন নাগরিক হিসেবে চিহ্নিত করেছিলেন।
আলাস্কার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল করি মিলস জানান, সন্দেহাতীতভাবে প্রমাণ করা সম্ভব নয় যে আসামিরা সচেতনভাবে আইন ভঙ্গ করেছেন। আপিল আদালত রায়ে বলেছে, অভিযুক্তদের ফেলনি দায়বদ্ধ করতে হলে প্রমাণ করতে হবে তারা জেনেশুনে ভুল তথ্য দিয়েছেন।
আমেরিকান সামোয়ার বাসিন্দারা মার্কিন সামরিক বাহিনীতে কাজ করতে পারেন এবং মার্কিন পাসপোর্ট পান, তবে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নির্বাচনে ভোট দিতে বা সরকারি পদে নির্বাচিত হতে পারেন না। নাগরিকত্বের এই প্রশ্ন মার্কিন আদালতে বহু বছর ধরে বিতর্কিত।
সূত্র: দ্য গার্ডিয়ান