ভাসমান লণ্ঠন থেকে আগুন, মেসকুইটে পুড়ে গেল দুই বাড়ি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেসকুইট শহরে একটি ভাসমান লণ্ঠন থেকে আগুন লেগে দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেসকুইট শহরে একটি ভাসমান লণ্ঠন থেকে আগুন লেগে দুটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
মেসকুইট অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, শুক্রবার (৫ মার্চ) রাতের এই অগ্নিকাণ্ডের জন্য আকাশে উড়ানো একটি লণ্ঠন দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্তকারীরা মনে করছেন, লণ্ঠনটি সম্ভবত বালচ স্প্রিংস বা দক্ষিণ–পূর্ব ডালাস এলাকা থেকে উড়ানো হয়েছিল। নিচে নামার সময় এটি একটি গাছে আটকে যায়। এতে লণ্ঠনের জ্বালানিযুক্ত অংশ নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের দুইটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
রাত প্রায় ৮টার দিকে মেসকুইট অগ্নিনির্বাপক বিভাগ পিচট্রি ও ব্রুটন রোড এলাকায় ঘটনাস্থলে পৌঁছে দেখে দুটি বাড়িই আগুনে ঘেরা। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও বাড়ি দুটো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
চীনা নববর্ষ উদযাপনের সময় ভাসমান লণ্ঠন ও আতশবাজির ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দমকল কর্মকর্তারা বলেছেন, এসব থেকে নিয়ন্ত্রণের বাইরে আগুন লাগার বড় ঝুঁকি থাকে এবং এতে বড় ধরনের সম্পদের ক্ষতি হতে পারে।
এ ঘটনায় লণ্ঠনটি কোথা থেকে ছাড়া হয়েছিল বা কারা দায়ী—তা জানতে তথ্য চেয়েছে ফায়ার মার্শাল অফিস। এ বিষয়ে তথ্য থাকলে স্থানীয় তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
তথ্যসূত্র: ফক্স ফোর