মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের পর গত কয়েক বছর ধরে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তোফায়েল আহমেদ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন এবং মুজিব বাহিনীর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
স্বাধীনতার পর তিনি টানা কয়েক দশক জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। আটবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি তিন দফা মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং বাণিজ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
মৃত্যুর আগে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ডালাস বার্তা প্রতিবেদক